সমকালের প্রতিবেদন অনুযায়ী, কাল দিনভর শ্রমিকদের বিক্ষোভের পর মঙ্গলবার (৩ নভেম্বর) আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সকাল ৮টায় অনেক কারখানায় কর্মীরা হাজির হলেও কাজ না করে বিক্ষোভ শুরু করেন। এ পরিস্থিতিতে অনন্ত গার্মেন্টস, ডেকো গার্মেন্টস, নিউ এইজ, আল-মুসলিম, সাদিয়া ফ্যাশন, নীট এশিয়া, হা-মীম গ্রুপ ও শারমিন গ্রুপসহ বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকরা কাজ না করে বিক্ষোভ করায় কারখানাগুলো ছুটি ঘোষণা করেছে এবং পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। তবে চ্যানেল আইর প্রতিবেদনে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলমের বক্তব্যে বলা হয়েছে, আনুমানিক ৬০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ করছে তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা। মিরপুর, সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে মিছিল ও সড়ক অবরোধের পাশাপাশি কারখানা ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সমকাল জানায়, গতকাল পর্যন্ত হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ১০টি মামলা হয়েছে এবং ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীও আছেন।







