আশুলিয়াসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের ওপর পুলিশ ও বিজিবির হামলা, লাঠিপেটা ও নির্যাতনের নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, একই সঙ্গে শ্রমিকদের ওপর দমন-পীড়ন বন্ধ করে আলোচনার মাধ্যমে দ্রুত জীবনযাপনের উপযোগী ন্যায্য ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন সাইফুল হক। বিবৃতিতে তিনি বলেন, শ্রমিকদের বেঁচে থাকার ন্যায্য ও স্বতঃস্ফূর্ত আন্দোলনকে কোনো কুচক্রী মহলের ষড়যন্ত্র হিসেবে দেখিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। শ্রমিকদের বাঁচার দাবিকে ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে আন্দোলনের ন্যায্যতা নষ্ট করা যাবে না। তবে শ্রমিকদের ন্যায্য আন্দোলন যাতে কোনো অপশক্তি ব্যবহার করতে না পারে, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে।
সাইফুল হক বলেন, পোশাক খাতের জন্য সম্প্রতি ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং এ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে। উদ্ভূত পরিস্থিতিতে শ্রমিকদের শান্ত, সংযত ও ধৈর্য ধারণ করতে হবে। অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখা সংকটের সমাধান নয়। এ মুহূর্তে সরকার, মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস তৈরি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কালক্ষেপণ না করে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বাস্তবসম্মত আলোচনা করে দ্রুত শ্রমিকদের বেঁচে থাকার উপযোগী ন্যায্য ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে। একই সঙ্গে সংকট উত্তরণে শ্রমিকদের ওপর হামলা, মামলা ও হয়রানি বন্ধ করতে হবে।







