দেশ রূপান্তর সূত্রে জানা যায়, রাজধানীর দক্ষিণ বাড্ডার ‘নিউ বি-বাড়িয়া বেকারি অ্যান্ড সুইটস’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং বিএসটিআইয়ের মান সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণের দায়ে এ জরিমানা করা হয়। চ্যানেল ২৪-এর প্রতিবেদনেও একই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ঢাকা মহানগরীর বাড্ডা থানাধীন দারোগা বাড়ির মোড় এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
বিএসটিআইয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ যাচাই করে। এ সময় প্রতিষ্ঠানটির অনুকূলে কোনো সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ পাওয়া যায়নি। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণের প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে বিএসটিআইয়ের আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী সাত কর্মদিবসের মধ্যে সিএম লাইসেন্স গ্রহণ এবং মোড়কজাত নিবন্ধন সনদের জন্য আবেদন করার নির্দেশনা দেওয়া হয়। অন্যথায় বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।
অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার ফারদিন ইসলাম এবং পরিদর্শক (মেট্রোলজি) তৌহিদুল ইসলাম।






