এক দশকের বেশি সময় ধরে যানজট আর ভোগান্তির শিকার গাজীপুরবাসীকে এবার পোহাতে হবে নতুন দুর্ভোগ। ২ হাজার ৮১১ কোটি টাকা ব্যয়ে বিমানবন্দর-গাজীপুর বিআরটি প্রকল্পের কাজ শেষ না হতেই তা বাতিল করে নির্মিত অবকাঠামো ভেঙে ছয় লেনের মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে তাদের ভোগান্তি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।
আজকের পত্রিকা জানান, ১৮ অক্টোবর প্রকল্পটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অবকাঠামো সরিয়ে বিআরটিকে ছয় লেনের মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত দিয়েছে। এ জন্য করিডরে নির্মিত ২৫টি স্টেশন ও লেন বিভাজক অপসারণ করা হবে। এতে ব্যয় হবে ৪৫ কোটি টাকা। সড়কটি প্রশস্ত করতে চাওয়া হয়েছে আরও ২৭ কোটি টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১২ সালে একনেকে অনুমোদনের সময় বিমানবন্দর-গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল প্রায় ২ হাজার ৪০ কোটি টাকা। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৬ সালে। তিন দফা সংশোধনের পর ব্যয় দাঁড়ায় ৪ হাজার ২৬৮ কোটি টাকায়। ২০২৫ সালে চতুর্থ দফায় চাওয়া ৬ হাজার ৫৯৮ কোটি টাকার প্রস্তাব অন্তর্বর্তী সরকারের একনেক ফিরিয়ে দেয়। ইতিমধ্যে খরচ হয়ে গেছে ২ হাজার ৮১১ কোটি টাকা, অথচ একটি বিশেষ বাসও রাস্তায় নামেনি।
প্রকল্পটি চলছিল মূলত বিদেশি ঋণে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অনুমোদিত ঋণ ২৬ কোটি ডলার এবং ফরাসি উন্নয়ন সংস্থার ঋণ ৪ কোটি ইউরো। প্রকল্প বাতিল হলেও ছাড় করা ঋণ সুদসহ শোধ করতে হবে।







