সমকাল ও বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা সোমবার এক দিনের শাটডাউন কর্মসূচি পালন করেছেন।

এই কর্মসূচির কারণ ছিল তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়ার প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদ।

জানা যায়, গত রোববার উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ইউজিসি সভায় অংশ নিতে ঢাকায় যাওয়ায় তাঁর অনুপস্থিতিতে ড. কাজী দেলোয়ার হোসেনকে এক দিনের জন্য দায়িত্ব দেওয়া হয়। এরপর শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে শাটডাউন ঘোষণা করেন।

গত ২১ সেপ্টেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়ার পর থেকে চুয়েটে আন্দোলন চলছে। গত ১২ অক্টোবর নতুন উপাচার্য ক্যাম্পাসে ৩০ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন।

গত ১৮ অক্টোবর ইউজিসি ছয় সদস্যের একটি পরামর্শক কমিটি গঠন করে। এরপর ২৮ অক্টোবর কয়েকটি বিভাগে সীমিত পরিসরে ক্লাস শুরু হয় এবং গত রোববার সব বিভাগে একযোগে ক্লাস শুরু হয়েছিল।

এবারের শাটডাউন শেষে আগামীকাল মঙ্গলবার থেকে শিক্ষার্থীরা আবার নিয়মিত ক্লাসে ফিরবেন। তবে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবি এবং নতুন উপাচার্যের প্রতি অসহযোগিতার অবস্থান থেকে শিক্ষার্থীরা সরে আসেননি।