দেশ রূপান্তরের প্রতিবেদন অনুযায়ী, রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী ও ১২ বছরের ছেলে আয়ুশকে হত্যার ঘটনায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। বৃহস্পতিবার রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কমিশনার মাহবুবুর রহমান জানান, গোয়েন্দা পুলিশ (ডিবি) সকালে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন আমলি আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে।

তদন্ত কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ডিএনএ প্রতিবেদন বিশ্লেষণ ও দীর্ঘ তদন্তে হত্যাকাণ্ডে তাদের জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে স্পষ্ট হয়েছে। ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা মেলেনি। এ পর্যন্ত অন্তত ৫০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। দুই আসামি এখন কারাগারে।

গত ২২ আগস্ট রাতে মাছুয়াপাড়ার বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন নিহত গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। প্রথমে থানার এক পরিদর্শক তদন্ত শুরু করলেও পরে মামলার দায়িত্ব পায় মহানগর ডিবি। বর্তমানে তদন্ত করছেন পরিদর্শক জিন্নাত আলী। ডিবির হাতে তদন্তভার যাওয়ার প্রায় তিন মাসের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হলো।

তদন্তের অংশ হিসেবে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। সেগুলোর মধ্যে ছিল খেজুরের বীজ, শসার অংশ, ফল কাটার ছুরি, ইয়াবা সেবনের ফয়েল, সিগারেটের অবশিষ্টাংশ, বেসিনের দাগ এবং আসামিদের রক্তের নমুনা। তদন্ত কর্মকর্তা জিন্নাত আলী জানান, খেজুরের বীজে মুগ্ধ, শসার টুকরায় সিদ্ধার্থ এবং সিগারেটের অবশিষ্টাংশে দুজনেরই ডিএনএ শনাক্ত হয়েছে। প্রীতিলতার গলায় পেঁচানো গামছার নমুনায় মুগ্ধের ডিএনএ পাওয়া গেছে।

ডিএনএ পরীক্ষার প্রতিবেদন, উদ্ধার হওয়া আলামত, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করে অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা। আগামী ও প্রীতিলতা ধর্ষণের শিকার হয়েছিলেন কি না, তা যাচাইয়ে নমুনা পরীক্ষা করা হয়েছিল। তদন্ত কর্মকর্তার ভাষ্য, পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত মেলেনি।

পুলিশের দাবি, গণপতি অবসরের পর পাওয়া ৫০ থেকে ৬০ লাখ টাকা ব্যাংক থেকে তুলে বাড়িতে রেখেছেন বলে আসামিরা জানতে পেরেছিলেন। বাড়িতে স্বর্ণালংকার আছে বলেও তাদের ধারণা ছিল। এসব সম্পদ চুরির উদ্দেশ্যে তারা পাশের বাড়ির ছাদ দিয়ে গণপতিদের বাড়িতে ঢোকেন। পরে পরিবারের চারজনকে একে একে হত্যা করা হয়।