ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বুধবার দেশব্যাপী বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে। এ অভিযানে ঢাকা মহানগরসহ দেশের ৩০টি জেলায় ৩৯টি টিম একযোগে কাজ করেছে।

অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৭৫টি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৭০ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। অধিদপ্তর জানায়, বাজারে মূল্য পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ, হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রয় প্রতিরোধ, নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিক্রয় প্রতিরোধসহ হোটেল-রেস্তোরাঁয় সংশ্লিষ্ট বিধি-বিধান প্রতিপালন নিশ্চিত করতে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

ব্যবসায়ীদের পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুত এবং সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার এবং পণ্য ক্রয়ের আগে মূল্যতালিকা ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। পণ্য ক্রয়ে কোনো অনিয়ম বা প্রতারণার সম্মুখীন হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

অভিযানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা বাজার তদারকি কার্যক্রমে সহযোগিতা করেন। বাজারে শৃঙ্খলা ও ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে অধিদপ্তরের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।