আজকের পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, জ্বালানি তেল, এলএনজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির দায় মেটাতে চাহিদা বাড়ায় দেশে আবারও ডলারের দাম বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে ব্যাংকগুলোতে আমদানি দায় মেটাতে প্রতি ডলারে প্রায় ১ টাকা বেড়ে আন্তব্যাংক লেনদেনে ১২৪ টাকা ৩৫ পয়সায় পৌঁছেছে। খোলাবাজারে প্রতি ডলারের দাম ১২৮ টাকা ছাড়িয়েছে এবং এলসি নিষ্পত্তিতে কোথাও কোথাও দর ১২৪ টাকা ৯০ পয়সার ওপরে উঠেছে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেন ভারসাম্যের তথ্যানুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ১ হাজার ৯ ৩৩ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৫ দশমিক ১০ শতাংশ বেশি। বিপরীতে রপ্তানি আয় ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৬ কোটি ডলারে। ফলে এ সময়ে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭৪৭ কোটি ডলারে, যা গত বছরের একই সময়ে ছিল ৫৭১ কোটি ডলার।

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, জ্বালানি আমদানিতে ব্যয় ১০৫ শতাংশের বেশি বেড়ে ৪২২ কোটি ডলার ছাড়িয়েছে। অন্যদিকে প্রবাসী আয় ১৩ দশমিক ৩০ শতাংশ বেড়ে ৮৫৯ কোটি ডলারে পৌঁছালেও তা আমদানির চাপ সামলাতে পর্যাপ্ত হচ্ছে না। সামগ্রিক লেনদেন ভারসাম্যে ১১৬ কোটি ডলারের ঘাটতি তৈরি হয়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে নেমেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান আজকের পত্রিকাকে জানিয়েছেন, ডলারের দাম বৃদ্ধির পেছনে ব্যাংক বা অন্য কোনো পক্ষের অযৌক্তিক ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাংক।