দেশ রূপান্তরের খবর অনুযায়ী, ঢাকার ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের ৭ দিন এবং সাবেক সচিব মিজানুর রহমান ও অভিনেতা আরিফ মাহমুদ তমালের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানিয়েছেন, গতকাল শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিমের ইন্সপেক্টর মো. সেলিম রেজা আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আসামিদের পক্ষে আইনজীবী এস এম দৌলত-এ-খুদা ও তাছলিমা জাহান পপি রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আর্জি জানান। আদালত শেষে দোলনের ৭ দিন এবং মিজানুর রহমান ও আরিফ মাহমুদ তমালের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার রাতে বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দোলনকে, ধানমন্ডি থেকে মিজানুরকে এবং আজিমপুরের ইরাকি মাঠ থেকে তমালকে গ্রেপ্তার করা হয়। মামলার বিবরণ অনুযায়ী, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করার উদ্দেশ্যে সমবেত হন।