বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, সাধারণ পোলাওয়ের স্বাদে ভিন্নতা আনতে চাইলে তৈরি করা যায় কাশ্মীরি পোলাও। সুগন্ধি বাসমতি চাল, ঘি, জাফরান, মিষ্টি কিশমিশ এবং নানা ধরনের বাদামে তৈরি এই পোলাওটি স্বাদে ও ঘ্রাণে অনন্য। এটি অতিথি আপ্যায়ন, পারিবারিক আয়োজন বা বিশেষ দিনের খাবারের তালিকায় রাখা যেতে পারে।
প্রয়োজনীয় উপকরণ
পোলাও তৈরির জন্য প্রয়োজন বাসমতি চাল ২ কাপ, ঘি ৩ টেবিল চামচ, পাতলা করে কাটা পেঁয়াজ ১টি, দারুচিনি ২ টুকরা, এলাচ ৪টি, লবঙ্গ ৪টি, তেজপাতা ২টি, জিরা আধা চা চামচ, আদাবাটা আধা চা চামচ, লবণ স্বাদমতো, চিনি ১-২ টেবিল চামচ, কেওড়াজল ১ চা চামচ, সামান্য জাফরান এবং ২ টেবিল চামচ গরম দুধ। বাদামের জন্য লাগবে কাজু, কাঠবাদাম ও কিশমিশ ২ টেবিল চামচ করে, পেস্তা ১ টেবিল চামচ এবং ইচ্ছামতো শুকনো খেজুর বা আলুবোখারা।
তৈরির পদ্ধতি
প্রথমে বাসমতি চাল ভালোভাবে ধুয়ে ২০-৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। জাফরান ২ টেবিল চামচ গরম দুধে ভিজিয়ে রাখুন। একটি হাঁড়িতে ঘি গরম করে কাজু, কাঠবাদাম ও কিশমিশ হালকা ভেজে তুলে রাখুন। একই ঘিতে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ও জিরা দিয়ে কিছুক্ষণ ভাজুন। এরপর পেঁয়াজ দিয়ে হালকা সোনালি করে ভেজে আদাবাটা যোগ করুন। কাঁচা গন্ধ চলে গেলে পানি ঝরানো চাল দিয়ে আলতো হাতে ২-৩ মিনিট ভেজে নিন।
চালের পরিমাণ অনুযায়ী গরম পানি, লবণ ও চিনি মিশিয়ে দিন। পানি ফুটে উঠলে হাঁড়ির ঢাকনা দিয়ে কম আঁচে রান্না করুন। চাল প্রায় ৮০ শতাংশ সিদ্ধ হয়ে এলে জাফরান মেশানো দুধ ও কেওড়াজল ছড়িয়ে দিন। এরপর ভেজে রাখা বাদাম, কিশমিশ ও পেস্তা চালের ওপর ছড়িয়ে হাঁড়ির ঢাকনা বন্ধ করে আরও ১০ মিনিট কম আঁচে দমে রাখুন। চাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে ৫ মিনিট রেখে দিন। সবশেষে কাঁটাচামচ দিয়ে আলতো করে পোলাও ঝরঝরে করে নিন।
পরিবেশনের আগে ওপর থেকে আরও কিছু ভাজা বাদাম, কিশমিশ এবং ডালিমের দানা ছড়িয়ে দিলে দেখতে সুন্দর লাগবে। গরম গরম পরিবেশন করুন পছন্দের কাবাব, রোস্ট বা অন্যান্য মজাদার পদের সঙ্গে।




