কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সার ডিলার নিয়োগে সরকারের নির্ধারিত নীতিমালা ও শর্ত অনুসরণ করা হয়েছে। তিনি বলেন, উপজেলা প্রশাসনের সুপারিশের পর জেলা কমিটি যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানোর পর নিয়ম-কানুন ও শর্ত মেনেই চুড়ান্ত সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টমেটো ও আম এবং আঙ্গুর বাগান পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। জেলায় সারের কোনো সংকট নেই দাবি করে তিনি বলেন, এই জেলার জন্য অতিরিক্ত ৩ হাজার মেট্রিক টন সার মজুদ রয়েছে।

মন্ত্রী বলেন, ডিলার নিয়োগের ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া গেলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতির মাধ্যমে নিয়োগের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারদের নিয়োগ বাতিল করা হবে। এ জন্য ৯০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, নীতিমালার বাইরে কাউকে ডিলার নিয়োগ দেওয়া হয়ে থাকলে সে বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেবে সরকার।