বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসনের মধ্যেই নিহিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দফতরে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। তিনি উল্লেখ করেন, সরকারি নথিতে রোহিঙ্গাদের সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব প্রচেষ্টার মূল লক্ষ্য হওয়া উচিত তাদের টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা।

এ সময় আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যাসংক্রান্ত মামলার রায় ঘোষণার প্রসঙ্গও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। রায় ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, বৈঠকে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

জাতিসংঘের প্রতিনিধি কেলি ই কারি দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক আশ্রয় ও প্রয়োজনীয় সেবা দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর অতীতে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরেন। তিনি জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরির পাশাপাশি মিয়ানমারে তাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সহযোগীরা কাজ করে যাচ্ছে।

বৈঠকে রোহিঙ্গা ক্যাম্প ও সংলগ্ন এলাকায় মাদক ও অস্ত্র পাচার এবং সাইবার অপরাধ দমনের বিষয়টিও গুরুত্ব পায়। এসব অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়।

এছাড়া রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী দেশগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করতে মিয়ানমারের ওপর কার্যকর কূটনৈতিক চাপ সৃষ্টির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সফরসঙ্গী থমাস হুনেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।