আসন্ন রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম সহনীয় রাখতে ১১ ধরনের পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, বুধবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নতুন নির্দেশনার ফলে আমদানিকারকেরা পণ্য দেশে আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে মূল অর্থ পরিশোধ করার সুযোগ পাবেন। আমদানিকারকেরা সাপ্লায়ার্স ক্রেডিট বা বায়ার্স ক্রেডিটের আওতায় এই সুবিধা গ্রহণ করতে পারবেন। এতে পণ্য বিক্রি করে ব্যাংকের পাওনা পরিশোধের সুযোগ তৈরি হবে এবং ব্যবসায়ীদের মূলধনের ওপর চাপ কমবে। এই সুবিধা আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
প্রথম আলো ও ইত্তেফাকের প্রতিবেদনে চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন তেল, পাম তেল, চিনি, ছোলা, মসলা, খেজুর ও মটরশুঁটিসহ ১১টি পণ্যের কথা বলা হলেও সারাবাংলা, বাংলা ট্রিবিউন এবং আজকের পত্রিকা ১০টি পণ্যে এই সুবিধা দেওয়ার কথা জানিয়েছে।
এর আগে গত ৮ নভেম্বর এসব পণ্য আমদানির জন্য এলসি খোলার ক্ষেত্রে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।







