চলতি নভেম্বর মাসের প্রথম আট দিনে দেশে ১১৩ কোটি (১.১৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বার্তা২৪-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এর মধ্যে ৮ নভেম্বর এক দিনেই এসেছে ২৫ কোটি ১০ লাখ ডলার। আলোকিত বাংলাদেশ ও ডেইলি অবজারভারের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের নভেম্বর মাসের প্রথম আট দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

এছাড়া, চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৫০ শতাংশ।