চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ইত্তেফাক-এর তথ্য অনুযায়ী, গত ১১ নভেম্বর থেকে ঢাকা শিক্ষা বোর্ডে এ পুনর্নিরীক্ষণ কাজ শুরু হয়, যা আগামী ১৭ নভেম্বর পর্যন্ত চলবে। ঢাকা বোর্ডের ৪ নম্বর ভবনের সপ্তম ও অষ্টম তলায় প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সতর্কতার সঙ্গে উত্তরপত্র যাচাই-বাছাই করা হচ্ছে।

ইত্তেফাক আরও জানিয়েছে, এবার দেশজুড়ে ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন। শুধু ঢাকা বোর্ডেই আবেদন পড়েছে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি। বুয়েট থেকে অনলাইনে জমা হওয়া আবেদনের তথ্য সংগ্রহের পর বিষয়ভিত্তিক তালিকা অনুযায়ী পরীক্ষকদের মাধ্যমে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হচ্ছে। নম্বরে কোনো পরিবর্তন এলে তা একাধিক ধাপে কঠোরভাবে যাচাই করে তবেই ফল প্রকাশ করা হবে।

পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ার বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী মো. মনজুরুল কবীর ইত্তেফাককে জানান, আইসিটি টিম পুরো কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান সতর্ক করে বলেন, খাতা মূল্যায়নে বড় ধরনের গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এর আগে এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেন এবং ৩ হাজার ৭৯ জন নতুন করে জিপিএ-৫ পান। সেখানে খাতা মূল্যায়নে গাফিলতির কারণে শতাধিক পরীক্ষককে চিহ্নিত করা হয়।

এদিকে দেশ রূপান্তর-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় রেকর্ডসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার পর পুনঃপরীক্ষা বা সাপ্লিমেন্টারি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ১০টি শিক্ষা বোর্ডে ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন, যাদের ফরম পূরণ চলেছে গত ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত।