বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্টিগুয়া ও বারবুডায় ১ থেকে ৪ নভেম্বর অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এই সফরে তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

শনিবার (৩১ অক্টোবর) সকালে তিনি অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসের উদ্দেশে যাত্রা করেন। দুবাই ও লন্ডন হয়ে রবিবার (১ নভেম্বর) তাঁর সেন্ট জনসে পৌঁছানোর কথা রয়েছে।

বৈঠকের উদ্বোধনী ও নির্বাহী অধিবেশনসহ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একাধিক বৈঠক এবং মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন তিনি।

গত ২৫ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, এই বৈঠকে যোগদানকালীন সময়ের জন্য তাঁকে পূর্ণ পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদা প্রদান করা হয়েছে। ফলে সফরকালে তিনি একজন ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা ও প্রটোকল সুবিধা পাবেন।