গাইবান্ধায় অবৈধভাবে গ্যাস মজুত ও অনিয়মের অভিযোগে প্রশাসন পৃথক দুটি এলপিজি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে। এসময় মোট ২৫ হাজার লিটার গ্যাস জব্দ করা হয়েছে।
সোমবার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। একটি অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ এবং অন্যটি পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস শাহাদাত ফাহিম।
সাব্বির আহমেদের অভিযানে তুলসীঘাটের এম এস ফিলিং স্টেশনের মালিক মনিরুজ্জামানকে ১ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠান থেকে ১৩ হাজার লিটার গ্যাস জব্দ করা হয়েছে।
অন্যদিকে, গাইবান্ধা এলপিজি ফিলিং স্টেশন (ওমেরা অটো গ্যাস) থেকে ১২ হাজার লিটার গ্যাস জব্দ করা হয়েছে এবং প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অবৈধ গ্যাস মজুত রোধে এবং কৃত্রিম সংকট সৃষ্টি রোধে জেলা প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ। তিনি বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তথ্য বার্তা২৪, ঢাকা পোস্ট ও বাসসের।







