আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে খেলাধুলাকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করা হয়েছে। রোববার রাজধানীর পুরানা পল্টনে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ‘ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল লীগ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে। তাই যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে তাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চায় যুক্ত থাকলে তরুণরা মাদক থেকে নিজেদের দূরে রাখতে পারবে। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর জাতি গড়ে তুলতে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদীর সভাপতিত্বে বক্তব্য দেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) সিনা ইবনে জামালী, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা মহানগরীর ১৩টি ক্লাব ও প্রতিষ্ঠানের ভলিবল দল অংশ নিচ্ছে।





