দেশ রূপান্তরের প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের চন্দনাইশে মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মো. সজীব ইসলাম (৩৫) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চন্দনাইশ থানা ও দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। সজীব ইসলাম দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উল্লাপাড়া এলাকার বাসিন্দা।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্টের মামলা নম্বর ১৭৯/২৬-এর মাধ্যমে তাঁকে এ সাজা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার জানান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।