ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ইরান। তেহরান জানিয়েছে, হামলায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে স্বাস্থ্যঝুঁকি হতে পারে। তাই আগাম সতর্কতা নিচ্ছে ইরান।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, ইরানের পরমাণু কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র। তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা এবং নিরাপত্তা দেওয়া হবে।

ইনডিপেনডেন্ট টিভি জানিয়েছে, ইরান ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প বরাবর নাটকীয় ঘোষণা দেন। মধ্যবর্তী নির্বাচনে নিজ দলের পরাজয়ের পর অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে রয়েছেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ইরানে নতুন হামলার চাপ দিয়েছেন।

মার্কিন সেনাবাহিনী ইরানের স্থলপথে সরবরাহ রুট অবরোধে 'আয়রন গেট' টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে। সম্প্রতি হরমুজ প্রণালির কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে, ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ করা সম্পদ ফেরত দেয়ার শর্ত মেনে নিতে নারাজ ট্রাম্প প্রশাসন। ফলে কূটনৈতিক সমাধানের পথ এখনো অনিশ্চিত।

অন্যদিকে, ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ বন্ধে আগামী সপ্তাহে চীনের শেনজেনে অনুষ্ঠিতব্য এপেক সম্মেলনে চীনা ও রুশ সমকক্ষ শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।