শিক্ষা কার্যক্রমের ৩৫ বছর পূর্ণ করে ৩৬ বছরে পদার্পণ করতে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। এ উপলক্ষে ২৫ নভেম্বর ‘খুলনা বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপিত হচ্ছে। বাসসের প্রতিবেদন অনুযায়ী, ১৯৯১ সালের ২৫ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। সেই দিনটিকে স্মরণ করেই প্রতিবছর ২৫ নভেম্বর দিবসটি পালন করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থান-পরবর্তী সময়ে উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের নেতৃত্বাধীন বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর শিক্ষা ও গবেষণার পরিবেশ বজায় রাখতে নানা উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমবারের মতো সব ডিসিপ্লিনে টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, স্নাতক পর্যায়ে গবেষণা অনুদান চালু, আন্তর্জাতিক স্বীকৃতি লাভে অ্যাক্রেডিটেশনের আবেদন এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণাপত্র প্রকাশে আর্থিক প্রণোদনা প্রদান অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া ‘খুলনা বিশ্ববিদ্যালয় কোলাবোরেটিভ রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম’-এর মাধ্যমে গবেষণা অনুদান দেওয়া হচ্ছে। বাসসকে কর্তৃপক্ষ জানায়, আবাসন, শ্রেণিকক্ষ ও গবেষণাগার সম্প্রসারণে ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের তিনটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি দীর্ঘ সাত বছর পর আগামী ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির সপ্তম সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। বাসসকে দেওয়া বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, নতুন জ্ঞান সৃষ্টি এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করার চেষ্টা অব্যাহত রয়েছে।

খুবি কর্তৃপক্ষ জানায়, দিবসটি উদযাপনে সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলা ১১টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা, কৃতী শিক্ষার্থী ও সংগঠনকে সম্মাননা প্রদান এবং স্মরণিকার মোড়ক উন্মোচন করা হবে। অদম্য বাংলা প্লাজায় বিভিন্ন ডিসিপ্লিনের গত বছরের অর্জন ও আগামী বছরের পরিকল্পনা উপস্থাপন করা হবে। এছাড়া দুপুরে ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা, সন্ধ্যায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরো ক্যাম্পাসে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।