ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বেহালা এলাকায় প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক থাকার জেরে তার প্রেমিককে, তার বাবা ও এক বন্ধুকে বন্দুকের মুখে জিম্মি করে নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটানো হয়েছে।
প্রথম আলোর খবর অনুযায়ী, এক তরুণের সাথে এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। তরুণটি গত রোববার কিশোরীর সাথে দেখা করতে গিয়ে তাকে চুম্বন করেন। এ ঘটনা দেখে ফেলেন কিশোরীর এক স্বজনের বন্ধু, যার সূত্রে বাড়িতে খবর পৌঁছে যায়।
খবর পেয়ে কিশোরীর বাবা ও মামা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা তরুণটি ও তার বন্ধুকে ধরে বেহালার সরশুনা থানা এলাকার বসুন্ধরা পার্কের ক্ষুদিরামপল্লির বাড়িতে নিয়ে যান। পরে তরুণের বাবাকেও ডেকে আনা হয়।
অভিযোগ আছে, তরুণটি ও তার বন্ধুকে মারধর করা হয়। তরুণের বাবা সেখানে পৌঁছলে তাকেও মারধর করা হয়। তারপর তিনজনকে উলঙ্গ করে বাড়ির সামনের ব্যস্ত সড়কে হাঁটানো হয়। তাদের গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ভয়ে তিনজন প্রায় ৫০ মিটার রাস্তায় নগ্ন অবস্থায় হাঁটতে বাধ্য হন।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা কিশোরীর বাড়িতে ভাঙচুরের চেষ্টা চালান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চ্যানেল ২৪ ও প্রথম আলোর খবর অনুযায়ী, এ ঘটনায় কিশোরী তথা প্রেমিকার বাবা, মা ও কাকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।







