চ্যানেল ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, উচ্চপর্যায়ের কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব আরও গভীর করতে চায় বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় বিজয়ের মাস ডিসেম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুকে ঢাকায় স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অন্যদিকে, দেশ রূপান্তর ও বার্তা২৪-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সবকিছু ঠিক থাকলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দুই দিনের সফরে আগামী ৭ ডিসেম্বর এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহামেদ মুইজ্জু তিন দিনের সফরে ১৩ ডিসেম্বর ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। ঢাকা, কুয়ালালামপুর ও মালের কূটনৈতিক সূত্রগুলো দেশ রূপান্তরকে এ বিষয়টি নিশ্চিত করেছে।