বাংলা ট্রিবিউন অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর তিন বছর মেয়াদি স্নাতক (পাস) ডিগ্রি প্রোগ্রামের ১৯টি বিষয়ের সিলেবাস যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) অনুসরণ করে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) ভিত্তিক কারিকুলাম ফ্রেমওয়ার্ক উন্নয়নের কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে ৩১ অক্টোবর শনিবার এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। দ্বিতীয় ধাপের কাজ আগামী সপ্তাহে শুরু হবে।
অনুষ্ঠানে উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ বলেন, শিক্ষার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয় ব্যাপক সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে। তিনি বলেন, ‘বিভিন্ন বিষয়ের মডেল প্রশ্নপত্র তৈরি এবং আধুনিক সিলেবাস প্রণয়নে কাজ করতে হবে। নানা ধরনের পারিপার্শ্বিক চাপ থাকলেও বৈষম্যহীন ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অঙ্গীকারবদ্ধ।’
উপ-উপাচার্য ড. মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘কারিকুলাম প্রণয়ন, যাচাই ও বাস্তবায়নের প্রতিটি ধাপই চ্যালেঞ্জিং। এসব উদ্যোগ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করছে। এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া; রাতারাতি কোনও পরিবর্তন সম্ভব নয়।’







