দেশ রূপান্তর প্রকাশিত খবর অনুযায়ী, শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার তিন রাস্তার মোড়ে রবিবার (২৯ নভেম্বর) ভোরে ড্রাম ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইমরুল কায়েস (২৮) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক মামুন (৪০) গুরুতর আহত হন।

নিহত ইমরুল কায়েস টাঙ্গাইলের মধুপুর উপজেলার বাসুদেববাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নালিতাবাড়ী উপজেলার তিনানী শাখায় একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। আহত মামুন সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চর জঙ্গলদী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাঁচামালবোঝাই অটোরিকশাটি জামালপুরের কাঁচাবাজার থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে জামালপুরগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নন্দীর বাজার তিন রাস্তার মোড়ে সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ইমরুলের মৃত্যু হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।