প্রায় ৫ মাস পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্সগুলোর তালা খোলা হয়।
দেশ রূপান্তর ও একাত্তর টিভির প্রতিবেদন অনুযায়ী, এবার দানবাক্স থেকে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। ঢাকা পোস্ট জানিয়েছে, প্রতিবেদন লেখা পর্যন্ত টাকা বস্তায় ভরার কাজ চলছিল এবং সব দানবাক্সের টাকা একত্র করার পর গণনা শুরু হবে। একাত্তর টিভি জানিয়েছে, মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলা হয়েছে।
গণনা কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মসজিদ এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সাধারণত ৩-৪ মাস পরপর মসজিদের দানবাক্স খোলা হয়। এর আগে সর্বশেষ গত ২৭ জুন দানবাক্স খোলা হয়েছিল, যেদিন ১৩টি সিন্দুক থেকে ৪৩ বস্তা টাকা পাওয়া যায় এবং গণনা শেষে দেশি মুদ্রায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া যায়।
পাগলা মসজিদ শুধু মুসলমানদের নয়, বিভিন্ন ধর্মের মানুষের কাছেও পরিচিত একটি ধর্মীয় ও আধ্যাত্মিক স্থান। প্রচলিত জনশ্রুতি অনুযায়ী, পাগলবেশী এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীতে মাদুরে ভেসে এসে বর্তমান মসজিদের স্থানে অবস্থান নেন। তার মৃত্যুর পর কবরের পাশে মসজিদ নির্মাণ করা হয়। প্রায় আড়াইশ বছরের পুরোনো মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার নরসুন্দা নদীর তীরে তিন একর ৮৮ শতাংশ জমির ওপর অবস্থিত এবং ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াক্ফ এস্টেটের অধীনে পরিচালিত হয়ে আসছে।







