জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি বাজার সিন্ডিকেট, চামড়া শিল্পের সংকট এবং টিসিবির ডিলার নিয়োগে স্বচ্ছতা ফিরিয়ে আনতে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে বিস্তারিত হিসাব চেয়েছে। কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম ও জরিমানা

বৈঠকে সংসদীয় কমিটি বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের গত ১০ বছরের সার্বিক কার্যক্রম, বড় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা, আদায়কৃত জরিমানা এবং বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন ২৪টি মামলার বিস্তারিত তথ্য জানতে চেয়েছে। কমিশনের চেয়ারপার্সন এ এইচ এম আহসান জানান, কমিশন স্বপ্রণোদিত হয়ে ভোজ্যতেলের সিন্ডিকেটের বিরুদ্ধে রায় দিয়েছে। এ ঘটনায় এস আলম ভেজিটেবল অয়েলকে ৪৪ কোটি টাকা এবং সিটি গ্রুপকে প্রায় ৩২ কোটি টাকা জরিমানা করা হয়েছে। ডিমের বাজারে প্রতিযোগিতা-বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে প্যারাগন পোল্ট্রি, সিপি ও কাজী ফার্মসের ক্ষেত্রে যথাক্রমে পাঁচ কোটি, চার কোটি ও এক কোটি টাকা পর্যন্ত জরিমানার কথা উল্লেখ করেছেন তিনি। বর্তমানে প্রায় ২৪টি মামলা হাইকোর্টে বিচারাধীন রয়েছে।

চামড়া শিল্পের সংকট ও সিইটিপি সমস্যা

কমিটি সাভারের ট্যানারি শিল্পনগরীর অকার্যকর সিইটিপি (সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) দ্রুত কার্যকর করা এবং চামড়া খাত পুনরুদ্ধারে সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরির নির্দেশ দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান জানান, চামড়া শিল্পের উন্নয়নে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একাধিক মন্ত্রী ও ১০টি সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিদের নিয়ে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। সিইটিপি পুনর্নির্মাণ বা সংস্কারের বিষয়ে ইতালির একটি কোম্পানির মাধ্যমে সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। কমিটির সভাপতি চামড়া খাতের সংকট সমাধানে একটি সুনির্দিষ্ট সময়সীমা দাবি করেছেন এবং ২০২৭ বা ২০২৮ সাল পর্যন্ত স্থায়ী সমাধানের সময়াবদ্ধ রোডম্যাপ পরবর্তী সভায় উপস্থাপনের তাগিদ দিয়েছেন।

২৩টি বাণিজ্য মিশনের ব্যয় ও সাফল্যের হিসাব

বৈঠকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) দায়িত্ব ও কার্যক্রমও আলোচনা করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জানান, ২০টি দেশে অবস্থিত ২৩টি বাংলাদেশ বাণিজ্য মিশনের মাধ্যমে রপ্তানি বৃদ্ধি ও বিনিয়োগ আকর্ষণের কাজ চলছে। চলতি বছরে ৬৬ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে এসব মিশনের কার্যক্রম মূল্যায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। কমিটির সদস্য মো. বরকত উল্লাহ বুলু ২৩টি বাণিজ্য মিশনে কর্মকর্তা পদায়ন, তাদের পেছনে সরকারের ব্যয় এবং অর্জিত সাফল্যের বিবরণসহ তালিকা পরবর্তী সভায় উপস্থাপনের অনুরোধ জানিয়েছেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, কমার্শিয়াল কাউন্সিলর নিয়োগে সম্প্রতি অর্থ, জনপ্রশাসন, পররাষ্ট্র ও বাণিজ্য সচিবদের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীদের চার বছরের জন্য বাছাই করেছে।

উৎস: ঢাকা পোস্ট