আসন্ন পবিত্র রমজানে সারা দেশে প্রতিদিন ৫২০টি ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরিকল্পনা নিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বাসসের প্রতিবেদন অনুযায়ী, গত রমজানে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হলেও এবার ট্রাকের সংখ্যা ৭০টি বাড়ানো হচ্ছে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বাসসকে জানিয়েছেন, এতে উপকারভোগীর সংখ্যা ৩৪ লাখ থেকে বেড়ে ৪০ লাখে উন্নীত হবে। অর্থাৎ, নতুন করে আরও ছয় লাখ মানুষ সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ পাবেন।

স্মার্ট কার্ডধারীদের পাশাপাশি কার্ডবিহীন সাধারণ ভোক্তাদেরও সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ দিতে খোলাবাজারে বিক্রির (ওএমএস) উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে রমজানে পণ্যের সরবরাহ বাড়াতে ভোজ্যতেল, ডাল ও চিনি অতিরিক্ত আমদানির প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে টিসিবি ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুরের আমদানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে।