বাসসের খবর অনুযায়ী, তৃণমূল পর্যায়ে আইন প্রয়োগকারী বাহিনী গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ড মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।

বাসস জানায়, প্রধানমন্ত্রী তাঁর সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থলে যান। বাসসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিনি বেলা পৌনে ১২ টায় এখানে পৌঁছান। তবে বার্তা২৪-এর খবরে বলা হয়েছে, তিনি বেলা সাড়ে ১১ টার দিকে অনুষ্ঠানস্থলে যোগ দেন।

সমাবেশস্থলে প্রবেশের পর প্রধানমন্ত্রী সারাদেশ থেকে আসা গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঞ্চে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়, এরপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।