ঢাকা পোস্টের খবর অনুযায়ী, আগামী ৫ নভেম্বর (বৃহস্পতিবার) বাগেরহাট ও খুলনা জেলায় দিনব্যাপী সরকারি সফরে আসছেন প্রধানমন্ত্রী। এই সফরে তিনি একাধিক উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, সকাল ৮টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। এরপর সকাল ৯টা ১৫ মিনিটে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা করবেন।
সকাল ১০টায় মোংলা বন্দরে পৌঁছানোর পর ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে যোগদান করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২টি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক সুবিধাদি উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
বন্দর এলাকার কর্মসূচি শেষে বেলা ১১টা ১৫ মিনিটে সড়কপথে হযরত খান জাহান আলী (র.)-এর মাজার শরীফের উদ্দেশে রওনা হবেন। দুপুর ১২টা ৪৫ মিনিটে মাজার প্রাঙ্গণে পৌঁছে জিয়ারত করবেন।
দুপুর ১টা ১৫ মিনিটে মাজার শরীফ থেকে সড়কপথে খুলনা শহরের উদ্দেশে যাত্রা করে দুপুর ২টা ১৫ মিনিটে খুলনা সার্কিট হাউজে পৌঁছাবেন। এরপর বিকেল ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
বিকেল সাড়ে ৪টায় হেলিপ্যাডে উপস্থিত হয়ে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়ে বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বাগেরহাট ও খুলনা জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।






