সমকাল জানিয়েছে, সিলেটে পুলিশ হেফাজতে নির্যাতনে যুবক রায়হান আহমদ (৩৪) হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদী ও রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী এ মামলার রায় ঘোষণা করেন।
আদালত ছয় আসামির মধ্যে তৎকালীন পুলিশ ফাঁড়ির এসআই আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে। বরখাস্ত কনস্টেবল টিটু চন্দ্র দাস ও কনস্টেবল হারুন অর রশীদকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও তিন বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।
এ ছাড়া বরখাস্ত এসআই আশেক এলাহী, এসআই হাসান উদ্দিন ও কোম্পানীগঞ্জের গণমাধ্যমকর্মী আব্দুল্লাহ আল নোমানকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে এএসআই আশিক এলাহি ছাড়া অন্যরা পলাতক ছিলেন। বাদী সালমা বেগম পলাতক আসামিদের গ্রেপ্তার করে সাজা কার্যকরের দাবি জানান। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোমিনুল ইসলাম মোমিন জানান, রায়ে সন্তুষ্ট হলেও একজন আসামির সাজা নিয়ে আপিলের চিন্তাভাবনা করছে রাষ্ট্রপক্ষ।







