ঢাকা টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গোপালগঞ্জে চাঞ্চল্যকর শিশু তালহা ওরফে মুহিন হত্যা মামলায় আমিন উদ্দিন ও শিহাব মোল্লা নামে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর এক আসামি শাওন মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন, তবে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শাওন মোল্লা পলাতক রয়েছেন। মামলার অপর আসামি লেয়াকত আলী মোল্লাকে খালাস দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের মানজুরুল ইসলামের ১২ বছর বয়সী ছেলে তালহা ওরফে মুহিন মাছ ধরা দেখতে গিয়ে নিখোঁজ হয়। পরদিন ২৩ ফেব্রুয়ারি নিহতের বাবা চারজনকে আসামি করে মামলা করেন। ২৪ ফেব্রুয়ারি রাতে মানজুরুল ইসলামের ভাড়াটিয়া আমিন উদ্দিনের ঘরের একটি ট্রাংক থেকে মুহিনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুর বাবা ও মামলার বাদী মানজুরুল ইসলাম রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তৌফিকুল ইসলামও রায়কে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম জুলকদর রহমান উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।







