সমকালের প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের সন্দ্বীপে পাঁচ বছরের শিশুকে হত্যার দায়ে ইতালি প্রবাসী জাহাঙ্গীর আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নানের আদালত এ রায় দেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা গিয়াস উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণ
আদালত সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সন্দ্বীপের মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ওয়াচ্ছেরের বাড়ির সামনে রাস্তার ওপর আসামি ভিকটিম শিশু আলী হোসেনকে মাথার ওপর তুলে ছুড়ে মারেন। এতে শিশুটি মাথায়, নাকে ও কানে গুরুতর জখমপ্রাপ্ত হয়। স্থানীয় লোকজন শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চট্টগ্রামে নিয়ে আসার পথে সে মৃত্যুবরণ করে।
পরে শিশুর বাবা অটোরিকশাচালক আবু তাহের বাদী হয়ে সন্দ্বীপ থানায় ইতালি প্রবাসী জাহাঙ্গীর আলমকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ৮ জনের সাক্ষ্য শেষে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন। নিহত শিশু সন্দ্বীপের মান্নান নাহার ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিশু শ্রেণিতে পড়াশোনা করত। ঘটনার ১৭ দিন আগে ইতালি থেকে দেশে আসেন আসামি জাহাঙ্গীর।







