ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খননের সময় আগুনের কুণ্ডলী ও গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হয়েছে। প্রাথমিক ধারণা, মাটির নিচে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ইনানীর ছোট ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইদুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে মাটির নিচে গ্যাস থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রতিবেদন লেখা পর্যন্ত ওই স্থানে আগুন জ্বলছিল।

আগুন দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের কাছের একটি ৫ তারকা হোটেলে কর্মরত স্থানীয় যুবক আলামিন ঢাকা পোস্টকে বলেন, হঠাৎ আগুন দেখে খুবই ভয় পেয়েছেন।

এদিকে, আগুন বৈদ্যুতিক খুঁটির তারে লেগে ছড়িয়ে পড়ার আশঙ্কায় উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।