বগুড়া শহরে ধূমপানের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি করাকে কেন্দ্র করে মনিরুল ইসলাম গালিব (১৫) নামের এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজকের পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের খান্দার এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত গালিব বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে বগুড়া শহরের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার মাহবুব হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে আজকের পত্রিকা এবং ইনকিলাব জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পেছনে বন্ধুদের সঙ্গে ক্যারম খেলছিল গালিব। সে সময় গালিব ধূমপান করলে মিশু (২১) নামের স্থানীয় এক যুবক মুঠোফোনে সেটির ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলে গালিবের কাছে ৫০০ টাকা দাবি করেন মিশু।

টাকা দাবি করা নিয়ে গালিবের সঙ্গে মিশু ও তাঁর বন্ধু রোহিত বাবুর (২১) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিশু ও রোহিত গালিবের বুকে ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গালিব মারা যায়। দেশ রূপান্তর, চ্যানেল ২৪ এবং বার্তা২৪-ও চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থীটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ঘটনায় জড়িত মিশু, বাবু ও জিসান নামের তিনজনকে পুলিশ ইতোমধ্যে শনাক্ত করেছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।