ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালিতে নৌ-মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাগুলো ওমানের খাসাব বন্দরের কাছে এবং হরমুজ প্রণালির পূর্ব অংশে ঘটেছে।

আইআরজিসির নৌবাহিনী জানায়, প্রথম ট্যাংকারটি গতকাল শুক্রবার খাসাব বন্দরের প্রবেশমুখে মাইনে আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এর কিছুক্ষণ পর পূর্ব দিকের একটি অননুমোদিত নৌপথে আরেকটি ট্যাংকার মাইনে আঘাতে বিস্ফোরিত হয়।

বিবৃতিতে বলা হয়েছে, জাহাজগুলো নিজেদের উপস্থিতি গোপন রাখতে ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে রেখেছিল। আইআরজিসি নৌবাহিনী এই পথে বিপুল পরিমাণ মাইন রাখা হয়েছে বলে সতর্ক করেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ইরান। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে।