আজকের পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, থাইল্যান্ডের রানি সুথিদা বাজির্যালংকর্ন না আয়ুধ্যা বিশ্বের প্রথম নারী হিসেবে এককভাবে আধুনিক সুপারসনিক ফাইটার জেট চালনার কীর্তি গড়েছেন। এটি অ্যাভিয়েশন ও রাজকীয় ইতিহাসে একটি নতুন অধ্যায় হিসেবে গণ্য হচ্ছে।

প্রশিক্ষণ ও ঐতিহাসিক উড্ডয়ন

এ বছরের আগস্টে রানি সুথিদা সুরাত থানি প্রদেশের উইং ৭ এয়ার বেসে জেএএস ৩৯ গ্রিপেন যুদ্ধবিমানের বিশেষ প্রশিক্ষণ শুরু করেন। থিওরিটিক্যাল বিষয়, ইমার্জেন্সি প্রসিডিউর এবং সিমুলেটর সেশন শেষে তিনি ৮ অক্টোবর এককভাবে ৪১ মিনিটের জন্য এক সিটের গ্রিপেন যুদ্ধবিমান পরিচালনা করেন। এই ঐতিহাসিক উড্ডয়ন পর্যবেক্ষণ করেন রাজা মহা বাজির্যালংকর্ন, যিনি পরবর্তীতে রানিকে গ্রিপেন অর্ডারের মেডেল পরিয়ে দেন।

পেশাগত পটভূমি

রানি সুথিদা ১৯৭৮ সালের ৩ জুন জন্মগ্রহণ করেন। তিনি একজন সাবেক ফ্লাইট অ্যাটেনডেন্ট, যিনি ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত জাপান এয়ারলাইনসে এবং ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত থাই এয়ারওয়েজে কাজ করেন। ২০১০ সালে রাজকীয় সিকিউরিটি কমান্ডে যোগদানের মাধ্যমে তাঁর সামরিক প্রশিক্ষণ শুরু হয়। ২০১৬ সালে তিনি সেনাবাহিনীর জেনারেল পদে উন্নীত হন এবং ২০১৯ সালে রাজা মহা বাজির্যালংকর্নের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে রানি হিসেবে মর্যাদা লাভ করেন।

উল্লেখ্য, ১৪ অক্টোবর রানি সুথিদা নিজেই বোয়িং ৭৩৭-৮০০ বিমান চালিয়ে ব্যাংকক থেকে জাপানের হোক্কাইডো সফর করেন।