ইনকিলাব-এর প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালীতে ইরানের অনুমতি ছাড়া চলাচলের সময় সমুদ্র মাইনের আঘাতে তিনটি তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, জাহাজগুলো ইরানি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই এই কৌশলগত পানিপথ অতিক্রমের চেষ্টা করছিল।

আইআরজিসির দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রণালীর দক্ষিণ অঞ্চল দিয়ে অতিক্রমের সময় ট্যাঙ্কারগুলো তাদের ট্র্যাকিং ও জিওলোকেশন জিপিএস সিস্টেম বন্ধ রেখেছিল। ইরানি বাহিনী বারবার সতর্ক করে দিয়ে আসছে যে, জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথ ব্যবহারের ক্ষেত্রে তাদের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক। অনুমতি না নিয়ে নিয়ম লঙ্ঘন করায় এই দুর্ঘটনার মুখে পড়ে ট্যাঙ্কারগুলো।

বিশ্বের অন্যতম শীর্ষ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে দৈনিক আন্তর্জাতিক তেলের এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। এই ঘটনায় মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ নিরাপত্তা পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। সূত্র: আল জাজিরা।