দেশ রূপান্তর সূত্রে জানা গেছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় ইউক্রেনের কাছে ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, উন্নত প্রযুক্তির পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলোর মূল্য ২১০ কোটি ডলার। কানাডা ও ইউরোপের মিত্র দেশগুলোর অর্থায়নে এ ক্রয় সম্পন্ন হবে, ফলে যুক্তরাষ্ট্রের কোনো অর্থ ব্যয় হবে না।

জেলেনস্কির সতর্কতা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করে সিদ্ধান্তকে স্বাগত জানালেও সতর্ক করেছেন, এসব ক্ষেপণাস্ত্র সরবরাহে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। তিনি বলেন, ইউক্রেনের ক্ষেপণাস্ত্রগুলো এখনই প্রয়োজন। শীত সামনে রেখে রাশিয়া দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় হামলা বাড়িয়েছে। গত দুই সপ্তাহে বিদ্যুৎব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ৩০টির বেশি হামলা হয়েছে বলে দাবি করেন তিনি। জেলেনস্কি জানান, প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদনের জন্য প্রায় এক মাস অপেক্ষা করতে হয়েছে ইউক্রেনকে।