ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের ছবি পোস্টে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার মো. আবু বকর সিদ্দিক (২২) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রথম আলোর খবর অনুযায়ী, সাত দিনের রিমান্ড শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি এই জবানবন্দি দেন। এরপর আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপপরিদর্শক (এসআই) ইয়াছিন পাইক। তদন্ত কর্মকর্তা প্রথম আলোকে জানান, আসামি আদালতে নিজের দায় স্বীকার করেছেন এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদে কিছু তথ্য দিয়েছেন, যা তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা হচ্ছে না। এ মামলায় আবু বকর সিদ্দিকই একমাত্র এজাহারভুক্ত আসামি।
প্রথম আলো জানায়, গত ২১ অক্টোবর ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক গ্রুপে প্রধানমন্ত্রীর বাস সম্পর্কিত এক পোস্টে আবু বকর সিদ্দিক আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজশাহীর পবা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর ব্যবহৃত মুঠোফোনটি জব্দ করা হয়। এ ঘটনায় ডিবির পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর রমনা থানায় মামলাটি করা হয়েছিল।






