স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে বাংলাদেশ রেলওয়ের সার্বিক নিরাপত্তা জোরদার করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের পরিকল্পনা ও দিকনির্দেশনায় উপজেলা পর্যায় থেকে ২ হাজার আনসার ও ভিডিপি সদস্যকে রেলওয়ের নিরাপত্তায় সম্পৃক্ত করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, রেলওয়ের পশ্চিমাঞ্চলে ৮০০ জন, ঢাকা অঞ্চলে ৬০০ জন এবং পূর্বাঞ্চলে ৬০০ জন সাধারণ আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। তারা বাংলাদেশ রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশের (জিআরপি) সঙ্গে সমন্বিতভাবে রেলস্টেশন, গুরুত্বপূর্ণ স্থাপনা, যাত্রীসাধারণের চলাচল এবং রেলওয়ের সম্পদের নিরাপত্তায় কাজ করছেন।

এই জনবল সংযোজনের ফলে রেলওয়ের বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থায় অতিরিক্ত জনবল, নজরদারি ও তাৎক্ষণিক সাড়া প্রদানের সক্ষমতা বৃদ্ধি পাবে। এই বিশেষ মোতায়েনের মূল লক্ষ্য হলো রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সুরক্ষা নিশ্চিত করা, যাত্রীসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল বজায় রাখা এবং ট্রেন চলাচলের স্বাভাবিক পরিবেষ্টিকা অক্ষুণ্ন রাখা। নাশকতা, চুরি, ছিনতাই, বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে তারা সতর্ক নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন।

উল্লেখ্য, দেশের ৩৮টি গুরুত্বপূর্ণ রেলস্টেশনে ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য জিআরপি ও আরএনবির সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, পোশাকশিল্পের পরিস্থিতি মোকাবিলা ও মহাসড়কের নিরাপত্তায় ৯টি জেলায় ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য পুলিশ, বিজিবি ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছেন।