গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৪৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৯ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে এক হাজার ৬৯ শিশু।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ২৮৩ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ১০৬ শিশু।

দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৫ হাজার ৭৪ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ৬৮৭ জন। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৬৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ২৮ হাজার ৪৯৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

আরও জানা গেছে, হাম উপসর্গ নিয়ে বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি ঢাকায়। এখন পর্যন্ত ঢাকা বিভাগে মারা গেছে ৫৬৯ জন। এরপর সিলেটে ২৩৩ জন, চট্টগ্রামে ১৩২, ময়মনসিংহে ১০০, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭১, খুলনায় ৬৫ ও রংপুরে ২০ জনের মৃত্যু হয়েছে। (সূত্র: ঢাকা ট্রিবিউন বাংলা ও আজকের পত্রিকা)