বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশ্বব্যাংকের সহায়তায় প্রায় ৩০০ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগ আসার মাধ্যমে প্রায় ৪২ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। দেশ রূপান্তরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিশ্বব্যাংক বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় উল্লেখ করা হয়, এই উদ্যোগ দেশে নতুন বিনিয়োগ আকর্ষণ, ব্যবসায়ের বিকাশ এবং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী অর্থনীতি গঠনে সহায়তা করছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮২ শতাংশই তৈরি পোশাক খাত নির্ভর। এই নির্ভরতা কমাতে এবং চামড়াজাত পণ্য, জুতা, লাইট ইঞ্জিনিয়ারিং ও প্লাস্টিক খাতের রপ্তানি বাড়িয়ে বৈচিত্র্য আনতে কাজ করছে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস’ (ইসিফোরজে) প্রকল্প। সংস্থাটি মনে করে, এর মাধ্যমে পরিবেশগত ও সামাজিক মানদণ্ড বজায় রেখে আরও উন্নত কর্মসংস্থান তৈরি সম্ভব হচ্ছে।