সমকালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামে তওবা নামে ছয় বছর বয়সী এক শিশুকে হত্যা করে মোল্লা ব্রিকস নামের একটি ইটভাটার কাছে পরিত্যক্ত জমিতে ফেলে রাখা হয়। এ ঘটনায় শিশুটির বাবা গোলাপ হোসেনকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। তিনি ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে সমকাল, দেশ রূপান্তর ও আজকের পত্রিকা উল্লেখ করেছে।

অন্যদিকে একাত্তর টিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামলায় আহত গোলাপ হোসেনকে ঢাকার কেরানীগঞ্জের হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে সমকাল জানায়, গোলাপ হোসেনের নিজ বাড়ি রামকৃষ্ণদী গ্রামে হলেও তিনি পরিবার নিয়ে একই ইউনিয়নের দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে থাকেন। তাঁর বাবা জয়নাল মিয়া ইটভাটায় কাজ করায় বুধবার বিকেলে তওবা ও তার বাবা তাঁর সঙ্গে দেখা করতে যান। বিকেল ৫টার দিকে ফেরার পথে হামলার শিকার হন তাঁরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পুলিশ পরিত্যক্ত জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

ঘটনার কারণ সম্পর্কে সিরাজদীখান থানার ওসি মো. আলাউদ্দিন সমকালকে জানান, হত্যাকাণ্ডের তাৎক্ষণিক কোনো কারণ জানা যায়নি। তবে একাত্তর টিভির প্রতিবেদন অনুযায়ী, জমিসংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে ওসি ধারণা করছেন এবং এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।