ঢাকা, অক্টোবর ২৮, ২০২৬ (বিএসএস) - জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপি) আজ দেশব্যাপী বাজার অভিযান পরিচালনা করে বাজারে অনিয়ম ঠেকাতে ৭০টি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৪১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

অধিদপ্তর সূত্র জানায়, আজ ঢাকা মহানগরসহ ৩৫টি জেলায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৪৭টি দল অংশগ্রহণ করে। অভিযানে পাইকারি ও খুচরা বাজারে ভোজ্যতেল, ছোলা, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

অতিরিক্ত দামে পণ্য বিক্রি, অযৌক্তিক মজুদ, কৃত্রিম সংকট তৈরি এবং ওজন ও পরিমাপে কারচুপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি, নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিপণন এবং হোটেল-রেস্তোরাঁয় বিধিবিধান লঙ্ঘনের বিষয়েও নজরদারি করা হয়।

অভিযানকালে গাজীপুরের টঙ্গী বাজারে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া ভেজাল সস বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৫০০ লিটার ভেজাল সস ধ্বংস করা হয়। অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে টঙ্গী বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের অংশ হিসেবে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও প্যামফলেট বিতরণ করা হয়। এ কাজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

অধিদপ্তর বাজারে কৃত্রিম সংকট এড়াতে প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার পরামর্শ দিয়েছে। পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পাশাপাশি বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহ করতে বলা হয়েছে।

পণ্য কেনার ক্ষেত্রে অনিয়ম বা প্রতারণার শিকার হলে ভোক্তারা অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানাতে পারবেন। বাজারে শৃঙ্খলা বজায় রাখতে ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।