প্রথম আলো অনুযায়ী, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এবারের উচ্চশিক্ষায় ভর্তিযোগ্য আসন প্রায় ১৩ লাখ ৪০ হাজার। এতে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
শনিবার সচিবালয়ে অনুষ্ঠানে এইচএসসি ফলাফল প্রকাশের সময় তিনি এ কথা বলেন। ১১টি শিক্ষা বোর্ডের অধীন এই পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন—ছাত্র ২০ হাজার ৩৬৩ এবং ছাত্রী ১৯ হাজার ৭২১।
এবারের নতুন ব্যবস্থায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার ৯০৫ পরীক্ষার্থী এক মাসের মধ্যে শুধু ফেল করা বিষয়ে পুনঃপরীক্ষা দিতে পারবেন। পূর্বে তাদের এক বছর অপেক্ষা করতে হতো। শিক্ষামন্ত্রী বলেন, এতে শিক্ষাজীবনে পিছিয়ে পড়া এবং মানসিক চাপ কমবে।
ফলাফল অনুযায়ী, দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি। অন্যদিকে, ১৩৯টি প্রতিষ্ঠানের পাসের হার শতভাগ।







