বাংলা ট্রিবিউন জানায়, নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিলের (৩২) জানাজা নামাজের পর 'রাস আরবান স্টাইল' নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ভাঙচুর ও লুটপাট করা হয় দোকানের মালামাল। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টায় জানাজা শেষে রাত ১১টার দিকে ওই হামলা চালানো হয়। এ সময় শহরে বিদ্যুৎ বন্ধ ছিল।

ভাঙচুর ও লুটপাটের শিকার ব্যবসা প্রতিষ্ঠানটি আমেরিকা প্রবাসী রাসেলের। তিনি গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িষা ইউনিয়নের খাকরাদহ গ্রামের মুক্তিযোদ্ধা রবিউল করিমের ছেলে। তবে হামলার নেতৃত্বে কারা ছিলেন পুলিশ তা নিশ্চিত করেনি। নিহত শাকিল পৌরসভার খামারনাচকৈড় খোয়ারপাড়া মহল্লার রবিউল মিস্ত্রির ছেলে।

স্থানীয় যুবদল ও ছাত্রদলের একাধিক সূত্র জানিয়েছে, ছাত্রদল নেতা শাকিল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতার করে মঙ্গলবার বিকালে আদালতে হাজির করা হলে আদালত তিন দিনের রিমান্ড দেন। মিন্টুকে যুবদলের যুগ্ম সম্পাদকের পদ থেকেও বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল।