বাসস জানায়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অভিযোজন, জলবায়ু অর্থায়ন এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর প্রক্রিয়া ত্বরান্বিত করতে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার লন্ডনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং যুক্তরাজ্যের জলবায়ু বিষয়ক বিশেষ প্রতিনিধি রেচেল কাইটের মধ্যে এ বৈঠক হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাসস জানায়, বৈঠকে কার্বন মার্কেট, গ্রিন ও ব্লু ইকোনমিতে বিনিয়োগের সুযোগ এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রযুক্তি ও উদ্ভাবন খাতে পারস্পরিক সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের ফলে নারী ও শিশুদের ওপর সৃষ্ট অসম প্রভাবের বিষয়টি পর্যালোচনা করা হয়।
বৈঠকে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও জলবায়ু কার্যক্রমে স্থানীয় জনগণের অংশগ্রহণে বাংলাদেশের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন। উভয় পক্ষ বৈশ্বিক জলবায়ু প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপ দেওয়ার ওপর জোর দেন এবং আসন্ন 'কপ৩১' (COP31)-এর অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। বৈঠকে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত উপস্থিত ছিলেন।






