রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলন চলাকালেই রাশিয়ার মস্কো অঞ্চলে রাতভর ৬ শতাধিক ইউক্রেনীয় ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন রাজধানীর মেয়র সের্গেই সোবিয়ানিন। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
টেলিগ্রামে দেয়া এক বার্তায় মেয়র সোবিয়ানিন জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে মোট ৬১৩টি ড্রোন মস্কো অঞ্চলের দিকে উড়ে আসে। এগুলোর বেশিরভাগই দেশটির প্রতিরক্ষা বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দূরবর্তী আকাশেই নিষ্ক্রিয় করে দেয়। তবে মস্কোর কাছাকাছি পৌঁছানোর পর ২৩১টি ড্রোন ধ্বংস করা হয়।
ক্রেমলিনের তথ্য মতে, বর্তমানে মস্কোয় দুদিনব্যাপী রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ২২টি আফ্রিকান দেশের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।
অন্যদিকে ইউক্রেনীয় কর্তৃপক্ষও বিভিন্ন স্থানে রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কথা জানিয়েছে। ইউক্রেনের রিভনে অঞ্চলে একটি হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মার্কিন মধ্যস্থতায় আগামী মাসে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও সাম্প্রতিক মাসগুলোতে উভয় পক্ষই ড্রোন হামলা বৃদ্ধি করেছে। এর আগে গত সেপ্টেম্বরের মাঝামাঝিতে ইউক্রেন মস্কো অঞ্চল লক্ষ্য করে প্রায় ১,৬০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল, যা ছিল যুদ্ধ শুরুর পর এক দিনে সর্ববৃহৎ ড্রোন হামলা।






