বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উত্তর কোরিয়া পূর্ব সাগরে প্রায় এক ডজন স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইত্তেফাকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। আনাদোলু এজেন্সি দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে এ খবর জানিয়েছে।
সিউলভিত্তিক ইয়োনহাপ নিউজ দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের বরাতে জানিয়েছে, উত্তর কোরিয়ার উনসান অঞ্চল থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছে। বর্তমানে ক্ষেপণাস্ত্রগুলোর অতিক্রান্ত দূরত্ব এবং অন্যান্য সুনির্দিষ্ট তথ্য বিশ্লেষণের কাজ চলমান রয়েছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা নজরদারি বাড়িয়েছে এবং যেকোনো সম্ভাব্য অতিরিক্ত উৎক্ষেপণের বিষয়ে সতর্ক রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে তথ্য শেয়ার করে একটি মজবুত প্রতিরক্ষা অবস্থান বজায় রাখা হচ্ছে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে টোকিও জানিয়েছে, পিয়ংইয়ং ‘যা একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে’ তা নিক্ষেপ করেছে। টোকিওভিত্তিক কিয়োদো নিউজ জানায়, জাপানের কোস্ট গার্ড জাহাজগুলোকে পরবর্তী তথ্যের দিকে নজর রাখতে এবং কোনো পতিত বস্তুর কাছে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে চলতি মাসের শুরুতে পিয়ংইয়ং অঞ্চল থেকে পূর্ব সাগরের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল উত্তর কোরিয়া।







